ফের স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ১২:৫০ এএম


ফের স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ২০২৪ সালের ১৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত ‘রাজাকারের নাতি-পুতি’ মন্তব্যের এক বছর পূর্তিতে প্রতীকী মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কোটা না মেধা, মেধা মেধাসহ নানা স্লোগান দেয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ জুলাই (সোমবার) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারাদেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন ২৯৭ জন শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদিন হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। 

আগের দিন ১৪ জুলাই বিকালে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে কটুক্তি করেন। এ কটুক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলসহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission